ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল
- আপডেট সময় : ০২:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটারের বেশি ডিজেল
নুমালিগড় রিফাইনারি থেকে এবার মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়।
পরদিন ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়।
তিন কোম্পানির মধ্যে বিতরণ
ভারত থেকে আমদানি করা ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানির মধ্যে প্রায় সমহারে বিতরণ করা হয়। কোম্পানিগুলো হলো—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি।
চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়।
২০২৩ সালের ১৮ মার্চ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।
১২৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন
বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত।
মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে পাইপলাইনটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি বাংলাদেশে ডিজেল পরিবহন করা হচ্ছে।





















