ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা
- আপডেট সময় : ০১:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের বাগরুর একটি সরকারি স্কুল পরিদর্শনে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করেছে সিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল বাগরুর ওই সরকারি স্কুলে যাচ্ছিল। পথে তাদের গাড়ি ঘিরে ধরে কিছু লোক। এ সময় তাদের লক্ষ্য করে ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’ বলে স্লোগান দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা সিজেপির কয়েকজন কর্মীকে মারধর করে। ভাঙচুর করা হয় গাড়ি ও মোবাইল ফোন। হামলার কারণে স্কুলে না গিয়েই ফিরে আসতে হয় দলটির নেতাদের।
সিজেপি এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছে। আশুতোষ রাঙ্কা দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের অনুরোধেই তারা ওই স্কুল পরিদর্শনে যাচ্ছিলেন। স্কুলটি একটি গোয়ালঘরে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাঙ্কা বলেন, “আমরা সফরের বিষয়ে পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু বিজেপির লোকজন আগেই সেখানে অবস্থান নিয়েছিল। আমাদের স্বেচ্ছাসেবকদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, ফোন নষ্ট করা হয়েছে। এক নারী কর্মীকেও মারধর করা হয়েছে। আমার শার্ট ছিঁড়ে দেওয়া হয়েছে এবং একজন সদস্যের হাত ভেঙে গেছে।”
তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় বিজেপির এক কাউন্সিলরের লোকজন ছিল।
তবে বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে। জয়পুরের স্থানীয় বিজেপি নেতা ও বিধায়ক স্বামী বালমুখন্দ্রচার্য দাবি করেছেন, গ্রামবাসীরাই সিজেপির সফরের বিরোধিতা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, সিজেপি শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে হামলার অভিযোগ নিয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


























