ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, ‘দুর্যোগকবলিত অঞ্চল’ ঘোষণা
- আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় শহরের অনেক এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বাড়িঘর, দোকানপাট ও গুরুত্বপূর্ণ সড়ক থেকেও পানি পুরোপুরি সরে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককজুড়ে দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সোম ও মঙ্গলবার দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
৪৮ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের প্রধান সড়ক ও নিচু এলাকাগুলোতে পানি জমে যায়।
চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ব্যাংককে গড়ে ৪৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা চাপের মুখে পড়েছে।
আরও ২১ প্রদেশে বন্যা
শুধু ব্যাংকক নয়, থাইল্যান্ডের আরও ২১টি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায়ও ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা মৌসুমে থাইল্যান্ডে প্রতিবছরই ব্যাপক বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বর দেশটির সবচেয়ে বৃষ্টিবহুল মাসগুলোর একটি। তবে স্থানীয় অনেক বাসিন্দার মতে, অন্যান্য বছরের তুলনায় এবার বন্যা পরিস্থিতি বেশি খারাপ মনে হচ্ছে।
জনজীবনে ব্যাপক ভোগান্তি
ব্যাংককের প্রধান সড়ক ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও সমস্যায় পড়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

























