বুধবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
চায়ের রাজধানী মৌলভীবাজারে আগামী বুধবার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলী কার্ড পাইলটিং কর্মসূচীর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে তার এই সফর। সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে জেলার সর্বমহলে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। চলছে সরকারি বিভিন্ন স্থাপনা সজ্জিত করার কাজ। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরীর কাজ শেষ পর্যায়ে।
বুধবার আকাশ পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১১ টায় যাবেন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের নারীদের হাতে তুলে দিবেন ফ্যামিলী কার্ড। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জনকে দিবেন এই কার্ড।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। মৌলভীবাজারে একটি মেডিক্যাল কলেজ ও শমসেরনগর বিমানবন্দর চালু করা দাবি তাদের।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সামগ্রীক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাদেরকে সার্বিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন।
























