বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও স্থানীয় একটি কাঠের পুল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা শুনে কালীদাস নদীর ওপর জরাজীর্ণ উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের ঘোষণা দেন। এ সময় তিনি ৩ মাস বয়সী নতুন সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন।
পরে রাজনৈতিক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত দল বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়, বরং জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল হওয়ায় তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরের বিষয়ে তিনি জানান, দুই দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই মালয়েশিয়ার সাথে বন্ধ শ্রমবাজার খুলে দেয়ার বিষয়ে চুক্তি সম্পন্ন হবে।
























