বাহরাইনে থেমে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জীবন
- আপডেট সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার বাহরাইনে বর্তমানে প্রায় এক লাখ ত্রিশ হাজার বাংলাদেশি প্রবাসী কাজ করছেন। নির্মাণশ্রমিক, ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা।
তবে সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, গত বছর মারা যাওয়া প্রবাসীদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া সড়ক দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনাও রয়েছে।
প্রবাসীদের একাংশের দাবি, দীর্ঘ কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পারিবারিক ও আর্থিক চাপ তাদেরকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তুলছে।
বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের বড় একটি অংশ কঠোর পরিশ্রমনির্ভর কাজে যুক্ত। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কাজ করায় অনেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা এবং অসুস্থতা অবহেলা করার প্রবণতাও মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে।
প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত কর্মচাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কঠোর কর্মপরিবেশের কারণেই প্রবাসী কর্মীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা গেলে এ ধরনের অকালমৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।
























