বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান
- আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনো দেশে ফেরেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্রাম ও প্রস্তুতি শেষে আবারও সংযুক্ত আরব আমিরাতে সফর করবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পরিবর্তে এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সিরিজে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। আগামী অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ওয়ানডে ত্রিদেশীয় লড়াই মাঠে গড়ানোর কথা রয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে জিম্বাবুয়েকে যুক্ত করে ওয়ানডে সিরিজটি এখন ত্রিদেশীয় প্রতিযোগিতায় রূপ নিচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, ত্রিদেশীয় সিরিজের কারণে ম্যাচের সংখ্যা বাড়বে। অক্টোবরের শুরুতে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এদিকে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে এই সময়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও ম্যাচের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি। কারণ ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্মতির অপেক্ষায় ছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে রাজি হওয়ায় নতুন সূচিতে এগোচ্ছে আয়োজন।
ত্রিদেশীয় এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি দলের শক্তিমত্তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।






















