বগুড়ায় মেডিকেলের ৬ তলা থেকে পড়ে নারীর মৃত্যু
- আপডেট সময় : ১২:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়তলা থেকে নিচে পড়ে শিরিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। হাসপাতালের যে জানালা দিয়ে তিনি নিচে পড়েছেন, সেখানে কোনো গ্রিল ছিল না বলে জানা গেছে।
নিহত শিরিন বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সোলাইমানের স্ত্রী। মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তিনি হাসপাতালের ষষ্ঠ তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে এক নারী রোগী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
চিকিৎসা নিতে এসে হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর এমন মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রোগীদের ব্যবহৃত জানালায় গ্রিল না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে।




















