ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার
- আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার রাত আটটার দিকে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। এসময় একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগটি খুলে এসব অস্ত্র উদ্ধার করে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















