ফরিদপুরে ১৪ বছরের কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২
- আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরতলীর বিল মামুদপুর এলাকা থেকে সুমাইয়া (১৪) নামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় মাহেন্দ্রচালকসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে স্থানীয়দের সন্দেহ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা মাহেন্দ্রচালক ইকবাল (৩২) ও মজিদ বেপারী (২৯) নামে দুই যুবককে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সুমাইয়া ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সমস্যার কারণে বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। বুধবার রাতে সে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে ধুলদি এলাকায় যায়। পরে একটি মাহেন্দ্র গাড়িতে উঠে চালককে থানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাহেন্দ্রচালক ইকবাল প্রথমে কিশোরীকে থানায় পৌঁছে দেওয়ার কথা বলেন। তবে পরে রাতে থানা বন্ধ থাকার অজুহাত দেখিয়ে তাকে বাড়ি ফিরে যেতে বলেন। একপর্যায়ে গাড়িটি বিল মামুদপুর এলাকায় পৌঁছালে স্থানীয় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয় এবং তারা গাড়িটি থামিয়ে দেন।
এ সময় চালক ইকবাল কিশোরীকে নিজের স্ত্রী বলে দাবি করলে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুই যুবককে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মাহমুদুল হাসান জানান, কিশোরীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























