পাটশিল্পের আধুনিকায়ন এবং অর্থনীতিতে গতি ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশের পাট শিল্পের আধুনিকায়ন এবং অর্থনীতিতে গতি ফেরাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীতে দ্বিতীয় ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।
পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তির এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দুই দেশের খ্যাতনামা সব প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চীনকে বাংলাদেশের প্রধান বাণিজ্য সহযোগী উল্লেখ করে বলেন, পোশাক খাতের পাশাপাশি পাট শিল্পেও বেইজিংয়ের কারিগরি সহায়তা প্রয়োজন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের নতুন সরকারের সাথে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করছে তার দেশ। বিশেষ করে গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে বেইজিং।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

























