নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের নির্বাচনি এলাকায় স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে অভিযান পরিচালনার বিষয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন জামায়াত আমির।
স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করায় বিস্ময়
ডা. শফিকুর রহমান বলেন, তাঁর নির্বাচনি আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের সুবিধা-অসুবিধার বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়া তাঁকে বিস্মিত করেছে। এ বিষয়ে তাঁরও দায়িত্ব রয়েছে এবং তাঁকে সম্পৃক্ত করা যেত বলে মন্তব্য করেন তিনি।
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা চাওয়ার আহ্বান
জামায়াত আমির বলেন, উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও যেন নির্বিঘ্ন থাকে, সে জন্য সমন্বিত উদ্যোগ দরকার।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা উচিত। বিচ্ছিন্নভাবে কোনো পদক্ষেপ না নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
চাঁদাবাজির অভিযোগের কথাও তুলে ধরেন
শফিকুর রহমান অভিযোগ করেন, মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে সেখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে। তাই উচ্ছেদ সমস্যার পাশাপাশি চাঁদাবাজির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সবাইকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক হওয়া প্রয়োজন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
পোস্টের শেষ দিকে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’























