দখিনা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া
- আপডেট সময় : ০৫:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
প্রকৃতির দখিনা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী সুর। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। সব কিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন। সারাদেশের মত চট্টগ্রামেও বসন্ত বরণে ছিল নানা আয়োজন।
ঝরা পাতার শীতের বিদায়। নব ফাল্গুনের সমীরণ চারদিকে। পলাশ আর শিমুলের ডালে ডালে লেগেছে রঙ। বর্ণে গন্ধে রূপে বসন্ত বরণে উৎসব আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। শহীদ ওয়াসিম পার্কে আয়োজিত এ উৎসবে একদিকে ছিল আনন্দের জোয়ার। একই দিনে বসন্ত ও ভালোবাসা দিবসের উৎসব।
বসন্তের প্রথম দিনে চট্টগ্রামবাসী মেতে উঠে প্রাণের উৎসবে।
বসন্ত উৎসবের পরিবেশনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন। সারা বছরের নানান বঞ্চনা ও টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে, এমন আশা সাধারণ মানুষের।
বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা বইবে এই বসন্তে- এমনই প্রত্যাশা সবার।























