পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতি বৃষ্টির কারণে এসব অঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।





















