চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
- আপডেট সময় : ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিএনপি। এসব অপকর্মের বিরুদ্ধে দলের অবস্থান অত্যন্ত কঠোর বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। তিনি নেতাকর্মীদের সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। মীর হেলাল স্পষ্ট করেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নেতাকর্মীদের অবশ্যই আদর্শিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

























