গণভোটের রায় বাস্তবায়নের তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াত আমিরের
- আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জনগণকে মুক্তির আন্দোলনে আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সোহরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। জনগণের রক্তের সাথে বিএনপি প্রতারণা করেছে বলে দাবি তোলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না বলে হুঁশিয়ারি দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে— মুক্তির ময়দানের লড়াইয়ে শ্রমিক-জনতাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে ১১ দলীয় ঐক্যের দলনেতা ডাক্তার শফিকুর রহমান বলেন– মালিকের পাশাপাশি শ্রমিকের দায়িত্ব সরকারকেও নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের তীব্র আন্দোলন গড়ে তুলে সংসদে ফিরবেন বলে প্রত্যাশা জানান জামায়াত আমির।
শ্রমজীবীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি, রক্তের সাথে প্রতারণা করেছে বলে দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ,এনসিপি নেতা নাহিদ ইসলাম।
এসময় সুসংগঠিত থাকার প্রয়োজনে শ্রমিকদের নতুন-নতুন ইউনিয়ন খোলার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জনগণের বিধান ফেলে দেশে আল্লার বিধান কায়েমের কথা বলেন জামায়াতের নায়েবে আমির, সাবেক শ্রমিক নেতা অধ্যাপক মুজিবুর রহমান।





















