কৃত্রিম সঙ্কটে রোজায় বিভিন্ন স্থানে বেড়েছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রোজার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে বেড়েছে দ্রব্যমূল্য। সরবরাহ সংকট না থাকার পরেও প্রতিবছর রোজায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এজন্য অনেক স্থানে তৈরি করা হয় কৃত্রিম সঙ্কট। খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারী ব্যবসায়ী ও সরবরাহকারীদের কারসাজিকে। আর প্রশাসন বলছে, বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
অতিরিক্ত লাভের আশায় একটি সিন্ডিকেট ভোলায় সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করেছে বলে অভিযোগ বিক্রেতাদের। তাই বাজারে নেই সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবেশক কৃত্রিম সংকটের জন্য দায়ী করছেন কোম্পানিকে।
বাড়ছে কাঁচা মরিচ, শসা, গাজর, টমেটোর দাম। হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে পিয়াজ ১০ থেকে ১৫ টাকা, রসুন ৪০ থেকে ৫০ টাকা, খেজুর ১০০ থেকে ২০০ টাকা, চাল ৩ থেকে ৪ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা আর লেবুর হালিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।























