কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান, আটক ৪১৫
- আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে প্রায় ছয় ঘণ্টার অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
১৮ থানায় পুলিশের অভিযান
সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ ও গোয়েন্দা শাখা—ডিবির সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে না, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিন দফায় আটক ১ হাজার ২৯৩
এর আগে কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের দ্বিতীয় দফার অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১৪৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকি ১০৮ জনকে আদালতে সোপর্দ করা হয়।
এরও আগে পরিচালিত অভিযানে ৬২৪ জনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে ৪১৫ জনসহ তিন দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।
বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার
অন্যদিকে, কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১১। অভিযানে মো. ছামির ইসলাম ও মো. মনজুরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা নগরীতে একাধিক কিশোর গ্যাং সক্রিয় থাকার অভিযোগের মধ্যে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।





















