কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর তাঁর এ সফর ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে, সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রত্যাশা।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী খাল খনন-সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের নভেম্বর মাসে পিএমখালী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। পরে প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি পেকুয়া উপজেলায় গিয়ে ২০২৪ সালের গণ-আন্দোলনে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া বাসস্টেশনে আয়োজিত জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে যোগদান শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।






















