এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কাল
- আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কাল। আফঈদাদের এবারের প্রতিপক্ষ আরেক শক্তিশালী প্রতিপক্ষ উত্তর কোরিয়া। যারা কিনা এই টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন। তারপরও জয়ের জন্যই মাঠে নামবে দল, এ ম্যাচেও ভয়ডরহীন ফুটবল খেলতে চায় পিটার বাটলারের শিষ্যরা। চীনের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় আফঈদা-ঋতুপর্ণারা। অন্যদিকে প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পাওয়া উত্তর কোরিয়ার চাওয়া জয়ের ধারা ধরে রাখা। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ৮টায়।
প্রতিদিনের মতো আরও একটা ঘাম ঝড়ানো সকাল। আফঈদা, শামসুননাহার, মারিয়া মান্ডারা অনুশীলন ব্যস্ত।
চীনের পর আরও এক শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার লাল সবুজদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। বিগ ম্যাচের আগে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল।
চীনের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। নজড় কেড়েছেন ঋতুপর্ণা ও গোলরক্ষক মিলি। যদি উত্তর কোরিয়ার বিপক্ষে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে।
ফিফা রেংকিংয়ে দুদলের পার্থক্য স্পস্ট, উত্তর কোরিয়া ৯, বাংলাদেশের অবস্থান ১১২, যদিও প্রথম ম্যাচের দাপুটে খেলার আত্মবিশ্বাস আর একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় আশাবাদী কোচিং স্টাফ, ভক্ত সমর্থকরা।
প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না কোচ পিটার বাটলার। মনোযোগ দিতে চান মাঠের লাইয়ে। দলে ইনজুরি সমস্যা নেই। কোরিয়া পরীক্ষায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে উড়ছে উত্তর কোরিয়া, লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা। তবে শক্তি সামর্থ্য এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না কোরিয়ানরা। লাল সবুজকে হারাতে হলে সেরা ফুটবল খেলার বিকল্প নেই বলে মনে করে তিনবারের চ্যাম্পিয়নরা।


















