এই সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে পরিবর্তন করতে হলে আগামী নিরপেক্ষ নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, “শান্ত হোন, হুশে আসেন, বেহুশ হবেন না। জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করবেন না। বাংলাদেশের মানুষ আর সহিংস রাজনীতি দেখতে চায় না।”
তিনি বলেন, “আমরা কোনো সিল মারা নির্বাচন চাই না, কোনো জোর-জবরদস্তির শাসন চাই না। জনগণের ভোটেই সরকার নির্বাচিত হবে এবং জনগণের কাছেই আবার ফিরে যেতে হবে।”
মন্ত্রী আরও বলেন, বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদের ভেতরে যেমন দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়, তেমনি মাঠের রাজনীতিতেও দায়িত্বশীলতা দেখাতে হবে।
তিনি বলেন, “আমাদের সরকার সেবকের সরকার। আমরা জনগণের সেবা করতে চাই। পাঁচ বছর পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা আবারও দায়িত্ব নেব।”
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আইসড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের কর্মকর্তারা।
























