ইরানের সঙ্গে আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার সকালে এয়ারফোর্স টু উড়োজাহাজে করে পাকিস্তানের ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সময় রোববার সকাল ৭টা ৮ মিনিটে ভ্যান্স এয়ারফোর্স টু উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। মার্কিন প্রতিনিধিদলের বাকি সদস্যরাও সেখান থেকেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন বলে প্রতিবেদনে বলা হয়। এর আগে দীর্ঘ আলোচনার পর সংবাদ সম্মেলেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, খারাপ খবর হলো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। তবে সেটা এখনো প্রতীয়মান হয়নি। এমনটা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।
























