ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় হাতের নাগালে, তবু চুক্তির সুযোগ দিচ্ছি: ট্রাম্প
- আপডেট সময় : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এখন ‘হাতের নাগালে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসান ঘটিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে এবং আরও প্রাণহানি এড়াতে তেহরানকে সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয় কখন এবং কীভাবে আসবে, তা অনেকটাই তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে নমনীয় অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানে বিজয় এখন আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এটি হবে, তা অনেকটা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা একটি চুক্তিতে পৌঁছাতে এবং অনেক মানুষের জীবন বাঁচাতে তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কিছু মানুষ প্রশ্ন করেন, কেন এমন হচ্ছে? তারা কি পাগল? হয়তো তাই।’
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও কঠোর অবস্থান জানান তিনি।
মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাঁদের ভূমিকা শুধু বর্তমান আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলেও সেনাসদস্যদের আশ্বস্ত করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি




















