আগামী কয়েক দিন দেশে তাপপ্রবাহ বৃদ্ধি পাবে
- আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হওয়ার আশংকা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। ১৬ এপ্রিল দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলেও রাজশাহী, রংপুর, খুলনা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। তবে ১৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


























