অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে ৪০০ বছরের প্রাচীন শ্যামসুন্দর মন্দির
- আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের প্রায় ৪০০ বছরের পুরোনো শ্যামসুন্দর নবরত্ন মন্দির অযত্ন-অবহেলায় হারাতে বসেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত এ ঐতিহাসিক স্থাপনার টেরাকোটা ফলকের কারুকাজ নষ্ট হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা।
স্থানীয়দের কাছে ‘সোনাবাড়িয়া মঠ’ নামে পরিচিত প্রায় ৬০ ফুট উচ্চতার তিনতলা মন্দিরটির আয়তন ৩৩ ফুট বাই ৩৩ ফুট। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, ১৭৬৭ সালে হরিরাম দাস, মতান্তরে দুর্গাপ্রিয় দাস, এটি নির্মাণ করেন। নয়টি চূড়ার কারণে মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত।
মন্দিরের দেয়ালে থাকা পোড়ামাটির টেরাকোটা ফলকে ফুটে উঠেছে নানা নকশা ও শিল্পকর্ম। কমপ্লেক্সে রয়েছে দুর্গা ও শিবমন্দিরও। মন্দিরটি ঘিরে রয়েছে নানা জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাস।
দর্শনার্থীরা জানান, সংস্কারের অভাবে মন্দিরটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। দ্রুত সংরক্ষণ ও দর্শনার্থীবান্ধব পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন তারা।
সাতক্ষীরা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, মন্দিরের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণসহ কার্যকর সংরক্ষণ উদ্যোগ জরুরি। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবও মন্দিরটির সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে।





















