হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্ত হবে : জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি একটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা, এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘দায়সারাভাবে কারো ওপর দায় চাপাতে নয়, প্রকৃত কারণ অনুসন্ধানেই এ তদন্ত হবে। অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।’
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হামের কারণে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তবে টিকাদান কর্মসূচির প্রচারণা আরও বাড়ানো এবং টিকার বাইরে থাকা শিশুদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

























