হাওরে বাঁধের কাজে অনিয়ম করলে কোন ছাড় নেই: পানি সম্পদ উপমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
হাওরে বাঁধের কাজে অনিয়ম করলে কোন ছাড় নেই, এ ঘটনায় মন্ত্রণালয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
তিনি বলেন, অনিয়ম ও দূর্নীতির কারণে ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের ২২ ঠিকাদারকে কালো তালিকাভূক্ত করা হয়েছে। সুনামগঞ্জে হাওরে যেহেতু ফসল ডুবে গেছে সে জন্য রোববার মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটি সুনামগঞ্জে তদন্ত করবে। তদন্তে হাওরের বাঁধ নির্মাণের কাজে কোন সরকারি কর্মকর্তা বা পিআইসি’র কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। একইসংগে হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকদেরও তালিকা করা হবে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ের জামখোলা ও চাপতি বিল হাওরের ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন শেষে উপমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।























