হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
হাওর এলাকায় নতুন রাস্তাঘাট না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। হাওর এলাকায় কম সময়ের ধান উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভেজাল খাদ্য সরবরাহ করলে ৫ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে একটি নতুন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদের সভায় আলোচনায় উঠে আসে হাওরের সাম্প্রতিক বন্যা সমস্যা। ওই এলাকায় পাহাড়ি ঢলে নেমে আসা পানি সড়কে বাঁধাগ্রস্ত হওয়ায় এক-দেড় কিলোমিটার পর পর সেতু নির্মাণ করতে হবে জানানো হয়। একইসঙ্গে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে, তথ্যগুলো সচিবালয়ে সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব আরো বলেন, আগামী সাত দিনের মধ্যে বৃষ্টি না হলে, হাওর এলাকায় খুব বেশি ফসলের ক্ষতি হবে না।
এছাড়া, বাজারে ভেজাল খাদ্য সরবরাহ করলে ৫ বছর জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।























