সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই । মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে তরুন প্রজন্ম বলেও জানান তিনি। সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব এবং দলগত ঐক্যের চেতনা জাগ্রত করবে, যা হবে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের মূলভিত্তি।
প্রধানমন্ত্রী হবার আগে পরে, ভিন্ন দুই অভিজ্ঞতা নিয়ে শ্বশুরবাড়ি -সিলেটে তারেক রহমান।
বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকালে সিলেট বিমানবন্দরে নেমেই প্রথমে হযরত শাহজালাল (রাহমাতুল্লাহ আলাইহি’র) মাজার জিয়ারত করেন সরকার প্রধান। এরপর সিলেট শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেন তিনি। অংশ নেন সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদীর পুনঃখনন কর্মসূচিতেও।
পরে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে। সিলেট জেলা স্টেডিয়াম তখন যেন এক টুকরো বাংলাদেশ। কানায় কানায় পূর্ণ মাঠ।
অনুষ্ঠানে খেলাধুলার একাধিক ডিসিপ্লিনে অ্যাথলেটদের প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে খেলাধুলার সম্ভাবনার দুয়ার খুলে দেয়ায় খুশি শিশু কিশোররা। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী, ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।তিনি জানান, মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
সরকার প্রধান বলেন, মেধা বিকাশের মাধ্যমে আগামীর বাংলাদেশের হাল ধরবে তরুন প্রজন্ম। নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব গুণ জাগ্রত করবে।
পরে বাটন প্রেস করে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশ থেকে খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আনতে বর্তমান সরকারের এই নতুন প্রয়াস নতুন কুঁড়ি স্পোর্টস।




















