সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিকে সামনে রেখেই কমিশন কাজ করে যাচ্ছে : সিইসি
- আপডেট সময় : ১১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিকে সামনে রেখেই কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোন ধরনের বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রিফিংয়ে আয়োজন করে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন।
স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে বলে জানান সিইসি। ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৬০ জনের বেশি বিদেশী সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশে ৮১টি নিবন্ধিত সংস্থার ৪৫ হাজারের বেশি পর্যবেক্ষক এবং ৬০ হাজার সাংবাদিক নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, কোনো বিচ্যুতি থাকলে তা চিহ্নিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।





















