সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
- আপডেট সময় : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কর্মসূচি নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকাল থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সন্ত্রাস বিরোধী এই কর্মসূচিতে অংশ নেয়।
রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যমূলক রাজনীতির বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ পাঠান এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
কার্যক্রম নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ও অপপ্রচারের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর যুবদল। মঙ্গলবার নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুল নূর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে তা সফল হতে দেওয়া হবে না।
কর্মসূচি নিষিদ্ধ রাজনৈতিক দলের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যমূলক রাজনীতির বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচিতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহানগর যুবদলের নেতৃবৃন্দকে নানা ধরনের স্লোগান দিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়।কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি দিপু চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কর্মসূচি নিষিদ্ধ রাজনৈতিক দলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা ছাত্রদলের একাংশ অবস্থান কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যোবায়ের তালুকদার মেশকাত।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতা প্রতিরোধে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষো মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

























