সারা বছর আম ফলানোর চেষ্টা করেছে বারি
- আপডেট সময় : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশব্যাপী গাছে গাছে এখন কাঁচা আম। ক’দিন পরই দেখা যাবে পাকা আম। আর মে মাস থেকে বাজারে আসতে শুরু করবে জনপ্রিয় ফলটি। তবে অনেকে চাইলেও আমের মৌসুম ছাড়া আম খেতে পারেন না। পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ফলটি সারা বছর কিভাবে ফলানো যায় সে চেষ্টা করেছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিচার্স ইনষ্টিটিউট- বারি। আর তাদের সে চেষ্টায় এখন বাংলাদেশে সারা বছর আম পাওয়া যাবে। গবেষকদের আশা, সুস্বাদু আম রফতানী করে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
বাংলাদেশে ২’শ প্রজাতির আম ফলে। বছরের নির্দিষ্ট সময়ে একই সাথে মুকুল আসে এসব আমের গাছে। তবে এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে বাংলাদেশী গবেষকরা। ২০১৬ সাল থেকে নিরলস চেষ্টায় এখন সারা বছর মিলবে বারি-১১ নামের অতি সুস্বাদু জাতের আম। দেশের যেকোন এলাকার আগ্রহী চাষী এই আম ফলিয়ে আর্থিকভাবে বেশ লাভবান হতে পারেন।
বারি আম গাছের জন্য বিস্তৃত জমির প্রয়োজন পড়ে না। ছোট্ট জায়গায় লাগিয়ে নিয়ম মতো পরিচর্যা করলে দু’বছরের মধ্যে প্রতি গাছ থেকে বছরে ৩ বার কমপক্ষে ২’শটি করে আম পাওয়া যাবে। আর যাদের প্রয়োজনীয় জমি নেই তারা অতি সহজেই বাড়ির ছাদে এই আম ফলাতে পারেন বলে জানান বাংলাদেশ এগ্রিকালচারাল রিচার্স ইনষ্টিটিউটের কর্মকর্তারা।
বর্ষার আগে বারি-১১ আমের চারা লাগানোর উত্তম সময় বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য আগ্রহী উদ্যোক্তারা সুলভ মূল্যে বারি থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন।














