সাবেক স্বরাষ্ট্রসচিব-যুগ্মসচিবের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ
- আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দিয়েছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেওয়ার পর তা পর্যালোচনা ও যাচাই-বাছাই করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, সংশ্লিষ্ট মামলাটি এতদিন তদন্ত সংস্থার কাছে মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্তাধীন ছিল। তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ করে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেটিকে ফরমাল চার্জ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। অভিযোগ গ্রহণের পর আদালত শুনানি শেষে পরবর্তী নির্দেশনা দেবেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, জাহাংগীর আলমের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অভিযোগ গ্রহণের পর মামলার পরবর্তী ধাপে আসামিপক্ষের বক্তব্য, শুনানি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারিত হবে।






















