সভাপতি তামিমের সঙ্গে বৈঠকে বসছেন ক্রিকেটাররা
- আপডেট সময় : ১২:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কায় ক্ষুব্ধ দেশের ক্রিকেটাররা। এ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা।
রোববার বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল দুই আসরের আর্থিক লোকসানসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে আরেকটি আয়োজন করতে চায় না বোর্ড। টুর্নামেন্টের কাঠামো ও ব্যবস্থাপনা নতুন করে সাজিয়ে ভবিষ্যতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
তবে বিপিএল বন্ধ থাকলে সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়বেন ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল খেলোয়াড়রা। জাতীয় দলের প্রায় ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের বাইরে অধিকাংশ খেলোয়াড়ের আয়ের বড় উৎস বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এরই মধ্যে চলতি ডিপিএলে অনেক ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে বলে অভিযোগ রয়েছে।
বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের আগে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলাদা আলোচনা করবেন বলে জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, শুধু বিপিএল নয়, দেশের সব ঘরোয়া লিগের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা নিয়ে ক্রিকেটাররা তাদের দাবিগুলো তুলে ধরবেন।
এর আগে বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছিল কোয়াব। এখন বিসিবির সঙ্গে আলোচনায় ক্রিকেটারদের সেই দাবি কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।




















