সংস্কারকে মানবদেহের রক্তসঞ্চালনের সঙ্গে তুলনা করেছে সিপিডি
- আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কারকে মানবদেহের রক্তসঞ্চালনের সঙ্গে তুলনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকরা শুধু সমস্যা তুলে ধরবেন না, সমাধানের দিকনির্দেশনাও দেবেন। রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার শীর্ষক আলোচনায় তারা এ কথা বলেন।
নাগরিকরা দেশের উন্নয়ন ও সংস্কার নিয়ে মতামত জানাতে পারবেন রিফর্ম ট্র্যাকারে। এই উদ্যোগকে শক্তিশালী করতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সাংবাদিকদের নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে দেশকে এগিয়ে নিতে।
সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইট। তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা ভাবছে সরকার।
রিফর্ম ট্র্যাকার শুধু একটি ওয়েবসাইট নয়, বরং এটি হতে পারে নাগরিক মতামত, গণমাধ্যম ও সরকারের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন।





















