সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের
- আপডেট সময় : ১১:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা বলেছেন, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকটি হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে জোটের নেতারা এসব কথা জানান।
বৈঠকে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
১১ দলীয় ঐক্যের নেতারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানান। একই সঙ্গে মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার নিয়েও কথা বলেন জোটের নেতারা। তারা বলেন, কোনো প্রশ্ন পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি বা ভয় দেখানো গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বের অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় দেশে বারবার একই ধরনের সংকট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
এদিকে চলমান আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালনের পর ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

























