শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগির চার্জশিট
- আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নতুন কমিশনের অনুমোদন সাপেক্ষে শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরু চক্রের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। প্রয়োজনীয় অনুমোদনের পর আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।
দুদক জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আর্থিক লেনদেন, সংশ্লিষ্ট নথি ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
অন্যদিকে, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তে নথিপত্র সংগ্রহ শুরু করেছে দুদক। এ বিষয়ে সড়ক পরিবহন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আমির হোসেন আমুসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।























