লকডাউনের কারণে প্রকৃতি আপন খেয়ালে নিজেকে সাজিয়ে তুলেছে
- আপডেট সময় : ০১:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
করোনার কারণে জনসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকশুন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবাধে বিচরণ করছে বন্যপ্রানীরা। দুর্লভ উদ্ভিদ আর বন্য প্রাণীর জীব-বৈচিত্রের এক জীবন্ত সংগ্রহশালা মৌলভীবাজারের এই উদ্যান। পরিশেববাদিরা বলছেন, লকডাউনের কারণে প্রকৃতি আপন খেয়ালে নিজেকে সাজিয়ে তুলেছে। এই সৌন্দর্য রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
দেশের একমাত্র রেইন ফরেষ্ট মৌলভীবাজারের লাউয়াছড়ার ভেতর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্য প্রাণীরা অবাধে চলাফেরা করছে। মনের আনন্দে লাফালাফি করছে এ গাছ থেকে ওগাছে। জনমানবহীন কোলাহলমুক্ত পরিবেশে তারা প্রাণ ফিরে পেয়েছে।
কোমল, স্নিগ্ধ, মনোহর উদ্যানে কীট-পতঙ্গের শব্দ আর পশু-পাখির হাঁক-ডাক বেড়েছে কয়েক গুণ। ১৬৭ প্রজাতির উদ্ভিদ ও ২৭৬ প্রজাতির প্রাণীর আবাসস্থল এই লাউয়াছড়া।
১৯৯৬ সালে এক হাজার ২৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়া বনকে সরকার জাতীয় উদ্যান ঘোষনা করে। করোনার কারণে গত ১৯মার্চ থেকে বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর থেকেই দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। আগে গড়ে দৈনিক সাত-আট’শ পর্যটক এলেও, এখন তা শুন্যের কোটায় রয়েছে। শান্ত বনের শোভা ও জীব-জন্তু নিরাপদ আর নির্ভয়ে থাকুক, এমনটাই আশা করছে প্রকৃতিপ্রেমীরা।












