রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভীড়
- আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে প্রথম কয়েকদিন স্বস্তিতে যাত্রা করলেও শেষদিকে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রাজধানীর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভীড়। এসময় তারা অভিযোগ করেন যেসব বাস ছেড়ে যাচ্ছে তাতে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না। কয়েকজন যাত্রী আরো অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ভোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা। এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।




















