মেয়াদ শেষ হলেও অর্ধেক কাজ হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের
- আপডেট সময় : ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
মেয়াদ শেষ হলেও কাজ অর্ধেকও শেষ হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। এরই মধ্যে অধিকাংশ টাকা খরচ হয়েছে। এমন বাস্তবতায় প্রকল্প শেষ করতে আড়াই হাজার কোটি টাকা খরচ বাড়ানোর পাশাপাশি আরও ২ বছর সময় চেয়ে নতুন ডিপিপি অনুমোদনের জন্য পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। নগরবিদরা বলছেন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদুরদর্শিতার কারণে বিপুল পরিমাণ টাকা খরচ হলেও সুফল আসার লক্ষণ নেই। আর সুজন বলছে, লুটপাট করতেই খরচ ও সময় বাড়িয়ে নতুন ডিপিপি অনুমোদনের চেষ্টা করছে সিডিএ।
সাগরে জোয়ারের সময় বৃষ্টি হলেই কোমর পানিতে তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রাম। প্রতি বর্ষা মৌসুমে অন্তত ২০ থেকে ২৫ বার পানিতে হাবুডুবু খায় নগরবাসী।
জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে তিন বছরের মধ্যে কাজ শেষ করার শর্তে ২০১৭ সালে ৫ হাজার ৬ শো কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার।
কাগজ কলমে প্রকল্পের মেয়াদ শেষ ২ বছর আগে। কিন্তু এখনো অর্ধেক কাজ শেষ হয়নি। তবে ব্যয়সহ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নতুন ডিপিপি অনুমোদনের জন্য পাঠিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ।
নগরবিদরা বলছেন, বিশেষজ্ঞদের উপেক্ষা করে অভিজ্ঞতা ছাড়াই প্রকল্পটির কাজ শুরু করে সিডিএ। তাই দিন যত যাচ্ছে নতুন নতুন কাজের প্রয়োজনীয়তা পড়ছে। এতে সময় আর ব্যয় বাড়লেও সুফল নিয়ে শঙ্কা রয়েছে।
মেয়াদ আর ব্যয় বাড়ানোর নামে, অর্থের অপচয় আর মানুষ ক্ষতিগ্রস্থ হলেও লাভবান হন প্রকল্প সংশ্লিষ্টরা বলে মনে করে সুজন।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওয়ায় ৩৬ টি খাল খনন, ১১ টি খালের মুখে স্লুইচ গেইট স্থাপন, কয়েকটি জলাধার খননের কথা। কিন্তু কোন কাজই পুর্ণাঙ্গভাবে শেষ হয়নি এখনো।























