মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী
- আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর ক্ষমতার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে থাকা শক্তির বিরুদ্ধে জনগণ সবসময় সোচ্চার ছিল। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের শিকার হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেয়নি এবং ভবিষ্যতেও কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সুযোগ দেবে না।























