মানুষের মাঝে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে
- আপডেট সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
মানুষের মাঝে করোনার টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। নিবন্ধিত টিকা গ্রহণের পাশপাশি গণটিকায় ব্যাপক সাড়া মিলছে। চাহিদা বাড়ার কারণে নিবন্ধন করে টিকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে তাৎক্ষনিকভাবে গণটিকা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। টিকা না পেয়ে কেন্দ্র থেকে ফেরত আসছেন অনেকে।
করোনা প্রতিরোধে সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতে টিকা দান কর্মসূচী জোরদার করেছে সরকার। কয়েকদিন ধরেই চলছে গণটিকার কার্যক্রম। তবে সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় নিবন্ধন করার পর ২০ থেকে ৩০ দিন অপেক্ষা করে টিকা নিতে হচ্ছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গণটিকা কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। ৯ টায় টিকা দেয়া শুরু হলেও ভোর থেকেই মানুষের লম্বা লাইন দেখা যায়।বিকাল ৩টা পর্যন্ত টিকা দেয়ার কথা থাকলেও বেশির ভাগ কেন্দ্রেই দুপুর ১২টার মধ্যেই শেষ হয়ে যায়।
নিবন্ধিত টিকা প্রদানের পাশপাশি দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে চলছে গণটিকা কার্যক্রম।
























