মানিকগঞ্জে নতুন করে আরো ৩০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে
- আপডেট সময় : ০২:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে নতুন করে আরো ৩০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
গেল তিন দিনে এ নিয়ে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এর আগে বুধবার ২০ জন এবং মঙ্গলবার ৫৯ জনকে পর্যবেক্ষনে রাখা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমন সতর্কতায় বিদেশ ফেরত এক প্রবাসী বাংলাদেশীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত ৮ মার্চ দুবাই থেকে দেশে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম।

























