মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
- আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল আনার গুঞ্জন শোনা গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তিনি তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার ছেড়ে দেওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের নীতি-নির্ধারণী মহল বলছে, প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজ নির্বিঘ্ন রাখতে দ্রুত এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।






















