ভারতের সাথে পররাষ্ট্রনীতির এখনো কোনো পরিবর্তন আসেনি : এবি পার্টি
- আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৮১৮ বার পড়া হয়েছে
সরকার পরিবর্তন হলেও প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখনো প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি—এবি পার্টি। আজ এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের পররাষ্ট্রনীতি নতুন করে সাজানোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েক দশকে সীমান্তে যত বাংলাদেশি নিহত হয়েছেন, সেগুলোর আন্তর্জাতিক তদন্ত এবং ক্ষতিপূরণের বিষয়টি এখন জোরালোভাবে আলোচনায় আনা উচিত। সীমান্তে হত্যা, নির্যাতন ও জোরপূর্বক পুশ-ইনের মতো ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় বাধা। এসব অমানবিক কার্যক্রম অবিলম্বে বন্ধে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর কূটনৈতিক ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণের জন্য কূটনীতিকদের নিয়ে একটি সরকারি প্রতিনিধিদল পাঠানো এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রশিক্ষিত যুবকদের সম্পৃক্ত করারও দাবি জানায় এবি পার্টি।


























