ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে বৈঠকে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দু-একদিনের মধ্যেই কমে আসবে ঢাকার যানজট। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সংশ্লিষ্টদের প্রতি বিভিন্ন নির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নিউমার্কেট এলাকায় সংগঠিত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এটি একটি অনাহুত ঘটনা।
এসময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, কৌশলগত কারণেই ছাত্রদের প্রতি সহনশীল আচরণ করেছে পুলিশ।























