বেনাপোল স্থলবন্দরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ
- আপডেট সময় : ০৯:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাংকেও হামলা করে তারা। এতে করে, স্থলবন্দরে পণ্য উঠানামা বন্ধ হয়ে যায়। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রভাব খাটানো নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষই মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটায়। সেই সঙ্গে গুলি চালায় দু’পক্ষের সন্ত্রাসীরা। হঠাৎ করেই সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দু’ঘন্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে ৭০টিরও বেশি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আওয়ামী লীগ কর্মীরা বেনাপোল কাস্টমস হাউসের বিপরীতে আইসিবি ব্যাংকে হামলা করে। ব্যাংকের এটিএম বুথেও হামলা চালিয়ে ভাংচুর করে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ব্যাংক ম্যানেজার। সাধারণ যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্দর থেকে দূরপাল্লার কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যেতে পারেনি।























