বিরতি শেষে বিকেলে আবারও বসেছে সংসদ অধিবেশন
- আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
১৩ দিনের বিরতি শেষে আজ বিকেলে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। গেলো ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মূলতবি করা হয়েছিল।
অধিবেশনকে ঘিরে সংসদ ভবনে ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে। ওই বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে, যা আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে এবং পরে তা আইন প্রণয়নের নিয়মিত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে।





















