বাংলামোটরে যুবকের মাথায় আঘাত, ফাঁকা গুলি; মোটরসাইকেলে আগুন
- আপডেট সময় : ১২:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক যুবকের মাথায় আঘাত এবং পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনায় আহত সোহাগ (৪৫)কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কথা-কাটাকাটির পর আঘাত ও গুলি
পুলিশের ভাষ্য অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন ফেরদৌস আহাম্মেদ সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ফেরদৌস আহাম্মেদ সাইমন হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক বলে জানা গেছে।
ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। গুলি ছোড়ার অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
বাসার সামনে স্থানীয়দের বিক্ষোভ
ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের বাসার সামনে জড়ো হন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের সংখ্যা বাড়তে থাকে।
রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান সড়ক থেকে গলিতে ঢুকতেই সাইমনের বাসার সামনে শতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
ঘটনাস্থলে পুলিশ-র্যাব
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যদের উপস্থিতি দেখা যায়। স্থানীয়দের বিক্ষোভ এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে মোটরসাইকেলে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



















