ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪
- আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইসদাইর এলাকায় অস্ত্রসহ মাদক কারবারিদের মহড়া দেওয়ার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
পরে ধাওয়া দিয়ে জসিম (২৪) ও মোহন (২৩) নামে দুজনকে আটক করা হয়। জসিমের পায়ে গুলি লাগে। তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল জব্দ করা হয়েছে। আহত জসিমকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের ওপর হামলার সময় ইট-পাটকেলের আঘাত এবং দৌড়াদৌড়িতে ফতুল্লা থানার এসআই মো. রফিক, নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশেদুল আহত হন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা জানান, জসিমের পায়ে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভেতরে গুলি রয়েছে কি না, তা জানতে এক্স-রে করা হচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশের ওপর হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইসদাইর এলাকায় মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















